বিরহ
সে লেখায় তৃষ্ণা ছিল, দূরত্বেও ছিল কিছু মৃদু প্ররোচনা
অসফল রাত্রিরও ছিন্ন বেদনা–
অসহবিরহধান্যে হৃদয়জমিটি ছিল পূর্ণশরীর
আজ তার বিবাহ ঘটেছে: সে যেন আশ্চর্য মৃদু এবং গভীর
কিছু কুড়িয়ে পেয়েছে আর সন্তাপে তাকেই জড়িয়েছে
অভিমান-আহত চোখ মুছে…
সে লেখায় রাত্রি ছিল, আকাশে আকাশ ছিল নক্ষত্র-খচিত
উদ্যতশিখর নীল কথার পাহারা; যেন বা মুগ্ধ কোনও ক্ষত
ভাষা ভেঙে পড়ে আছে ওয়াচটাওয়ারে, রুদ্ধ মিনারে, গম্বুজে
শস্যদানা ভেবে কোনও পাখি-ঠোঁট ভুল করে ফেলেছে তা অরণ্যসবুজে…


