পরকীয়া
উত্তমাংশ জীবনের সব, মনে হয় তোমাকেই দিই।
কেন? তোমাকেই কেন? কিছু স্বার্থ আছে নিশ্চয়ই
যৌনগন্ধী বলে? নাকি ভিন্ন কোনো কিছু? গোপন?
গভীরগোপনে থাকা মনেবনেকোনে বাসাবাঁধা মন !
ঘরেতে সোনার তরী জানি ভরে আছে রাশিরাশি ধনে
ইচ্ছে মতো মন চায় যতো বার খুশি ডুবতে সেখানে
তবুও যখের ধন অধরাই থাকে যত বাড়ে বেলা
কী এক দুর্নিবার টানে ভেসে যায় জীবনের ভেলা
মনে পড়ে খুব। বাবার মৃত্যুর পর দিশেহারা মা
নিরালম্ব জীবনের আশ্রয় খুঁজে শেষবেলা
নিরাপদ পরকীয়া আরামের ঘর তাকে দিয়েছিল
মথুরাবাজারে কেনা এক পেতলের ছোট্ট গোপাল
এইসব নৌকাডুবি জীবনের রহস্যের রেখা……
মাঝি কি স্বয়ং জানে কী আছে ডুবজলে লেখা?


No comments:
Post a Comment